ছোট ছোট হাতে একেকটি গাছের চারা। কারও চোখে কৌতূহল, কারও মুখে আনন্দের হাসি। কেউ চারাটি বুকের কাছে আগলে রেখেছে, আবার কেউ ভাবছে—কোথায় লাগাবে তার প্রিয় গাছটি। গাইবান্ধার সাদুল্লাপুরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এমনই সবুজ স্বপ্ন তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, থানার ওসি এ কে এম হাবিবুল ইসলামসহ অনেকে।
এসময় চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকেই জানায়, বাড়ির আঙিনায় চারাগুলো রোপণ করবে। নিয়মিত পানি দেবে, পরিচর্যা করবে। ছোট্ট হাতে নেওয়া এই দায়িত্বই হয়তো তাদের প্রকৃতির প্রতি ভালোবাসাকে আরও গভীর করবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উর্মিলা আক্তারসহ অন্যান্য শিক্ষকরা মনে করেন, বইয়ের পাতায় পরিবেশের গুরুত্ব শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের হাতে একটি করে চারা তুলে দেওয়া বাস্তব শিক্ষারই অংশ। একটি চারা রোপণ করে তার বেড়ে ওঠা দেখা একজন শিশুর মধ্যে দায়িত্ববোধ, মমতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে পারে।
প্রশাসনের এমন উদ্যোগ তাই কেবল চারা বিতরণের আনুষ্ঠানিকতা নয়; এটি আগামী প্রজন্মের হাতে একটি সবুজ স্বপ্ন তুলে দেওয়ার গল্প। যে স্বপ্নের শিকড় মাটিতে, আর যার ছায়া বিস্তৃত হবে ভবিষ্যতের বাংলাদেশজুড়ে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। আর ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি হলে ভবিষ্যতে তারা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















