গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হাসান আলী নামের এক বালুদস্যুর ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্য চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকার নারীর ছড়ায় নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, হাসান আলীর অবৈধ বালু উত্তোলনের কারণে ঘাঘট নদের বিভিন্ন স্থানে ভাঙন তীব্র হচ্ছে। নদীর গতিপথ ও তলদেশের স্বাভাবিক অবস্থায় পরিবর্তন ঘটায় ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা। এর ফলে নদীতীরবর্তী মানুষের বসতবাড়ি, আবাদি জমি ও ফসল নদীগর্ভে বিলীন হচ্ছে।
ভাঙনকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, একদিকে নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে তারা নিঃস্ব হচ্ছেন, অন্যদিকে অবৈধ বালু উত্তোলন তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। তারা শুধু ড্রেজার জব্দ নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত হাসান আলীর বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















