দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ কর্মসূচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত সাড়ে ৮টায় চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ওরফে ফিজার (৫৩), আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গিয়াসউদ্দিন (৬০), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. একরামুল আলম (৪০), আব্দুলপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমরান (৪৫) এবং আওয়ামী লীগ সমর্থক মো. জাহিদুল সরকার (৪৮)। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮/৯(১), ৭/১০/১৩ ধারায় চিরিরবন্দর থানায় দায়ের করা মামলা নং-২২, জিআর নং-১৬১, তারিখ ২০ জুন ২০২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উল্লেখ রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল ৮ নভেম্বর রবিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 




















