পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও পেশাগত সমস্যার সমাধানের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন গাইবান্ধার উদ্যোক্তারা। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা। ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম, গাইবান্ধার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি ও কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান বলেন, ডিজিটাল সেন্টারের সেবা আরও সহজ ও স্বচ্ছ করতে হবে। জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পান, সে বিষয়ে সব উদ্যোক্তাকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ফোরামের সাংগঠনিক সম্পাদক ও খোলাহাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আল আমিন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উদ্যোক্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
ফোরামের সহসভাপতি ও ফুলছড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মনোয়ার হোসেন বিগত দিনের সেবার অভিজ্ঞতা তুলে ধরে সেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে সেবা আরও সহজলভ্য করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
জামালপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আবু সাঈদ উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সবাইকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
এ সময় কাটাবাড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ফোরামের নারী বিষয়ক সম্পাদক সুইটি আক্তার নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোক্তা ফোরামকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্য উদ্যোক্তারাও ডিজিটাল সেন্টারের বর্তমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন, পেশাগত সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সাধারণ মানুষের দোরগোড়ায় তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা ও আন্তরিকতার পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করতে হবে।
পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















