দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসেবন ও সংরক্ষণের অপরাধে ২ যুবককে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টার উপজেলার সাতনালা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নি.) মো. মনির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে চকরামপুর গ্রামে একটি ইটভাটার সামনের কাঁচা রাস্তা থেকে গাঁজাসেবন ও সংরক্ষণের অভিযোগে ২ যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের নিকট কাছ থেকে গাঁজা, গাঁজাসেবনের কলকী ও একটি গ্যাস লাইটার উদ্ধার করে পুলিশ। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত আটক মো. বাদশা রহমান (২৬) কে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড ও মো. নিশাত রহমান (২৪) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্প প্রদান করে। দন্ডপ্রাপ্ত বাদশা উপজেলার খামার সাতনালা গ্রামের মৃত আমির আলীর ছেলে এবং নিশাত রহমান জোত সাতনালা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















