গাইবান্ধায় হুহু করে বাড়ছে পণ্যসামগ্রীর দাম। এরপ্রভাব পড়ছে গরম চা-কফির ওপরে। হঠাৎ চা-কফির বাজার গরম হওয়ায় টি-স্টলগুলোতে বেড়েছে এর দাম। যাতে করে গ্রাহকদের সঙ্গে বাকবিতন্ডা না ঘটে, একারনে টি-স্টলের মালিকরা গরম চা-কফির মূল্য নির্ধারণ তালিকা সাঁটিয়ে দিচ্ছেন দেয়ালে।
বুধবার (১ জুন) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের মাসুদ টি-স্টলের দেয়ালে গরম চা-কফির মূল্য বৃদ্ধির ফেস্টুন সাঁটাতে দেখা গেছে। এই তালিকায় প্রতিকাপ কফি ৩০ টাকা ও দুধ চা’র দাম নিধারণ করা হয়েছে ৭ টাকা। এর আগে প্রতিকাপ কফি ২৫ টাকা ও দুধ চা’র দাম ছিল ৫ টাকা।
জানা যায়, সম্প্রতি অন্যান্য পণ্যসামগ্রীর পাশাপাশি চা পাতি, চিনি, কফি প্যাক, গাভীর দুধ, লাকড়ি ও গ্যাসের দাম বেড়েছে। এসব পণ্যের দাম বৃদ্ধি পেলেও আগের দামেই গরম চা-কফি পান করতে চান গ্রাহকরা।
কিন্তু সেই দামে বিক্রি করা হলে লোকসানের মুখে পড়েন টি-স্টলের মালিকরা। এতে করে সংসার চালানো দায় হয়ে পড়েছে তাদের। তাই ব্যবসায়ীক হিসাব ঠিক রাখতে গরম চা-কফির দাম বেড়ে দিয়েছেন দোকানিরা। এদিকে হঠাৎ করে দাম বেশী ধরায় গ্রাহকদের সঙ্গে টি-স্টলের মালিকদের দেখা দিয়েছে বাকবিতন্ডা।
হারুন মিয়ার দোকানে চা পান করতে আসা আকবর আলী বলেন, কয়েক বছর ধরে ৫ টাকায় প্রতিকাপ দুধ চা খেয়ে আসছি। এরই মধ্যে সেই চা’র দাম নেওয়া হচ্ছে ৭ টাকা। এ যেন মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
সাদুল্লাপুর হাইস্কুল মার্কেটের টি-স্টলের মালিক মাসুদ মিয়া জাগো২৪.নেট-কে জানান, যেভাবে চিনি-পাতি ও অন্যান্য জিনিসের দাম বেড়েছে, এতে ব্যবসা টিকে রাখা মুসকিল হয়ে পড়েছে। তাই গরম চা-কফির মূল্য বৃদ্ধি করে সেই তালিকা দেয়ালে সাঁটিয়ে দেওয়া হয়।

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 












