গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিন মাসের শিশুকন্যা নুর হাওয়াকে টয়লেটে ফেলে হত্যার দায়ে পাষণ্ড মা তানজিলা বেগম(৩৫) কে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ধুমাইটারী (জকরীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত তানজিলা বেগম ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঘরের ভিতর থেকে নিখোঁজ হয় নুর হাওয়া নামের শিশুটি। আশেপাশে ও প্রতিবেশির বাড়িতে সবাই খোঁজ করেও সন্ধান মেলেনি। এরপর শিশুটিকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা নুরুল ইসলাম।
পরে পরিবার ও স্থানীয়রা শিশুটির মা তানজিলা বেগমকে জিজ্ঞাসাবাদ ও চাপ প্রয়োগ করলে টয়লেটে ফেলে হত্যার কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির টয়লেটের ভিতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এতে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করায় শিশুটির মাকে আটক করে থানায় নিয়ে যায়। মানসিক ভারসাম্যহীন হয়ে শিশুটিকে হত্যা করেছেন বলে স্বীকার করেছে অভিযুক্ত শিশুর মা।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, নিখোঁজ শিশুটির মাকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির টয়লেটের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার দায় স্বীকার করায় নিহতের মা তানজিলা বেগমকে আটক করা হয়েছে।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 














