ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ৬০০ টাকা কেজির কাঁচা মরিচ এখন ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।
রোববার ( ২ জুলাই) বিকেলে ধাপেরহাটে ১৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনাবেচার চিত্র দেখা যায়। তবে এ উপজেলার কিছু সংখ্যক হাট-বাজারে ২০০ থেকে ২৬০ টাকাও বিক্রি করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দুইদিন আগে জেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৬০০ থেকে ৭০০ টাকা দামে। এমন দাম অব্যাহত থাকায় ভোক্তাদের মাঝে অস্থিরতা বিরাজ করছিল। এরই মধ্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ার খবরে মরিচের দাম কেজিতে প্রায় তিনভাগ কমেছে। একদিন আগেও ৪০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ এমন বাজার ধসে অনেক মরিচ চাষিই আজ ধাপেরহাট মরিচ বিক্রি না করে ফিরিয়ে নিয়ে গেছেন বাড়িতে। তবে ভোক্তাদের মাঝে অনেকটাই স্বস্তি ফিরেছে।
মরিচ কিনতে আসা ইসমাইল হোসেন বলেন, কয়েকদিন ধরে মরিচের অগ্নিমূল্য থাকায় হিমসিম খেতে হচ্ছিল। আজ ধাপেরহাটে এসে ১৫০ টাকা কেজি দরে কিনতে পেরে মনের ভেতর স্বস্তি ফিরেছে। আরও দাম কমতে পারে বলে ধারণা করছেন তিনি।
নজরুল ইসলাম নামের বিক্রে জানান, বিভিন্ন কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে আমদানি ও সরবরাহও বন্ধ। এতে পণ্যটির দাম বেড়েছে। তবে গত কালের চেয়ে আজ কাঁচামরিচের দাম তিনভাগে নেমে এসেছে। দেশীয় কাঁচা মরিচের পাশাপাশি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হওয়ায় দাম আরও কমবে।
গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, ইতোমধ্যে ভারত থেকে কাঁচা মরিচ আসতে শুরু করছে। সেই সাথে মরিচের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 









