গাইবান্ধার সাঘাটা উপজেলায় রাশেদ মিয়া নামের এক যুবকের বিয়ে অনুষ্ঠানে আসেন তার খালা রওশন আরা বেগম (৬৫)। এ অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারানোকে কেন্দ্র করে মারামারি হয়। এই মারামারি থামাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সাঘাটা থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃত রওশন আরা বেগম উপজেলার মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।
এরআগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় (চৌধুরীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, যাদুর তাইড় (চৌধুরীপাড়া) গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে রাশেদ মিয়ার বিয়ে অনুষ্ঠানে আসেন তার খালা রওশন আরা বেগম। এরই মধ্যে বিয়ে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারিয়ে যায়। আর এ ঘটনাকে কেন্দ্র করে মারামারির সৃষ্টি হয়। এ সময় রওশন আরা বেগম বাঁধা দিলে প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে আহত হন। তাকে উদ্ধার প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তবে স্বজনদের দাবি রওশন আরা বেগমকে হত্যা করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এ ঘটনায় রওশন আরা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















