পবিত্র মাহে রমজানের দুস্থ-অসহায় রোজাদার ব্যক্তিদের জন্য গাইবান্ধার পলাশবাড়ীতে বসানো হয়েছে ‘মানবতার ঝুড়ি’। মানবিক ব্যক্তিদের দেওয়া খাদ্যসামগ্রী এ ঝুড়ি থেকে সংগ্রহ করতে পারবেন ওইসব রোজাদাররা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানবতার কল্যাণ ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে ব্যতিক্রমী এই কার্যক্রম শুরু করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে মানবতার ঝুড়ি কার্ক্রমের উদ্বোধন করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার। এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার,দপ্তর সম্পাদক মিলন মন্ডলসহ অনেকে।
পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ীর চৌমাথা মোড়ের বিভিন্ন ফলের দোকানে চারটি ঝুড়ি স্থাপন করা হয়।
ইতোমধ্যে এলাকার সুধী মহলসহ সকল শ্রেণি-পেশার মানুষ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সকলকে এই মানবতার ঝুড়িতে মানুষের জন্য দান করতে আহবান জানান।
এ বিষয়ে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী মাসুদ রানা বলেন, মানবতার ঝুড়িতে মানুষ স্ব-ইচ্ছায় কিছু খাবার দান করবেন। যেমন- ফল থেকে শুরু করে সকল ধরনের খাবার। ইতিমধ্যেই এই ঝুড়িগুলোতে দান করা শুরু করেছেন। তেমনি ক্ষুধার্ত দরিদ্র রোজাদার মানুষ ও পথচারী ইচ্ছে করলেই নিজ দায়িত্বে এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। আমাদের এ কর্মসূচির পর্যায়ক্রমে মানবতার ঝুড়ির সংখ্যা বাড়ানো হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















