গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আরিফুল ইসলাম (৩০) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবিদ হোসেন আংগুর (৩৮) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামি করা হয় ৩ জনকে।
নিহত আরিফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ।
তিনি বলেন, এর আগে গত সোমবার রাতে থানায় এ মামলা দায়ের হয়। আসামি ৩ জন হলেন, নিহতের প্রতিবেশী হাজী মো. আজাহার আলী (৬২), তার ২ ছেলে আলি আকবর (৩২) ও আতিকুল ইসলাম (৩০)।
অবৈধ তারের কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
মামলা সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে প্রতিবেশী মৃত মজিবুর রহমান মাস্টারের পুকুরে গোসল শেষে উঠার সময় প্রতিবেশী হাজী আজাহার আলীর পানিসেচ মোটরের অবৈধ ও জরাজীর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই অবৈধ তার পুকুরের উপর দিয়ে ঝুলে ছিল। বিষয়টি নিয়ে গ্রামবাসী বারবার সতর্ক করলেও আজহার আলী কোন কর্ণপাত করেনি। অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে। আরিফুল ইসলাম মারা যাওয়ার পরপরই আসামি হাজী আজাহার আলী অবৈধভাবে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তারগুলো সরিয়ে ফেলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















