পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তা বাস্তবায়ন এবং গণভোটসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে শহরের মিশন মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও আদিতমারী-কালীগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাভোকেট আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা মো. হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দাবি জানিয়ে আসছে। এসব দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। এজন্য পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়ন প্রয়োজন।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, একটি গোষ্ঠী জুলাই সনদ বাস্তবায়ণ হতে দিচ্ছে না। যদি জুলাই সনদ বাস্তবায়ণ না হয় তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। পিআর পৃথিবীতে একটি অতি জনপ্রিয় দাবী। আর এ পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে আসন বন্টন করতে হবে।
জেলা জামায়াতের আমির অ্যাভভোকেট আবু তাহের বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দাবি জানিয়ে আসছে। ৫ আগষ্টের পর জুলাই আন্দোলনের ফলে জালেমদের বিদায় হয়েছে। তবে বাংলার মানুষ এখন পিআর, গণভোট, ফ্যাসিষ্টদের বিচারের দাবীতে হাজার হাজার সমর্থন জানিয়ে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে গঠিত হবে তার দাবীতে আমরা রাজপথে নেমেছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 














