আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এ খবর পাওয়ায় সুন্দরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মতিয়ার রহমান।
গতকাল সোমবার রাতে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ওইদিন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণার পরপরই সুন্দরগঞ্জ উপজেলা জুড়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন—যোগ্য, শিক্ষিত ও সৎ মানুষ হিসেবে অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম সুন্দরগঞ্জবাসীর উন্নয়ন, কৃষি, নদীভাঙ্গন ও স্বাস্থ্য সেক্টরকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
তারা আরও বলেন—এই মনোনয়ন সুন্দরগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশাকে সামনে এগিয়ে নিল। আগামী নির্বাচনে এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে কাজ করবে।
এদিকে মনোনয়ন পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও উৎসবের পরিবেশ তৈরি করেছে। তরুণ ভোটাররা বলেন—ভদ্র, সফট ও প্রফেশনাল রাজনীতি করার জন্যই তিনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন।
এমন ঘোষণার পর সুন্দরগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে ঘিরে নতুন আলোচনারও জন্ম হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান বলেন— আমরা আনন্দিত। আমরা খুশি। সে কারণে মিষ্টি বিতরণ করেছি নেতাকর্মী ও সাধারণ মানুষদের মাঝে।
তিনি আরও বলেন- ‘সুন্দরগঞ্জের মানুষ এবার চায় শালীন, ভদ্র, যোগ্য নেতৃত্ব। ডা. জিয়াউল ইসলামই সেই নেতৃত্বের নাম। তার নেতৃত্বেই আমরা ধানের শীষকে এবার বিজয়ের মুকুট পরাবো ইন্শআল্লাহ।
উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ বলেন, আহবায়ক হিসেবে আমিও মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। তবে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তকেই সর্বোচ্চ মূল্য দিয়ে এখন আমরা সবাই তার হয়ে মাঠে কাজ করবো।
দলীয় ঐক্য অটুট রেখে সুন্দরগঞ্জে বিজয় ছিনিয়ে আনতেই হবে — সেই লক্ষ্যেই সবাইকে একসাথে, এক প্ল্যাটফর্মে, এক শক্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









