গাইবান্ধার সুন্দরগঞ্জে আধুনিক ধান চাষাবাদের সর্বশেষ কৌশল, প্রযুক্তি ও ফলন বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি নিয়ে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ৫৪ জন কৃষক অংশগ্রহণ করেন।
বুধবার দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জিওবি (বাংলাদেশ সরকার) ও ব্রি (বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট) এর অর্থায়নে এবং ব্রি আঞ্চলিক কার্যালয়, রংপুরের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো, রাশিদুল কবির।
বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রকিবুল হাসান, জেলা প্রশিক্ষণ অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো মিজানুর রহমান।
প্রশিক্ষণে ব্রি’র গবেষক ও কৃষি কর্মকর্তারা উন্নত জাত নির্বাচন, জমি প্রস্তুত, আধুনিক সেচব্যবস্থা, রোগবালাই ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ, বীজতলা ব্যবস্থাপনা এবং ফলন বৃদ্ধির বিভিন্ন উদ্ভাবনী কৌশল নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৫৪ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি শেখায় তারা উপকৃত হয়েছেন এবং আগামীতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার দাবি জানান।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









