দরিদ্র পরিবারের গৃহবধূ রাবেয়া বেগম(২৭)। একই সঙ্গে জন্ম দেন দিন কন্যাশিশু। বর্তমানে ১১ মাস বয়সের এই তিন শিশু এখন বিষাদে পরিণত হয়েছে। জমজ সন্তানদের চিকিৎসা ও লালন-পালনে বিপাকে পড়েছে পরিবারটি।
গৃহবধূ রাবেয়া বেগমের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ি সোনারপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের রাজা মিয়ার স্ত্রী।
সরেজমিনে জানা যায়, রাবেয়া বেগমের স্বামী রাজা মিয়ার বসত ভিটা ছাড়া অন্য কোনো সম্পদ নেই। জীবিকার তাগিদে একটি ওষুধ কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করে। সেখান থেকে যেটুকু রোজগার হয়, তা দিয়ে পরিবারের কোনোমতে জীবিকা নির্বাহ চলছিলো। এরই মধ্যে এক কন্যা সন্তান জন্ম দেয় রাবেয়া। এই সন্তানের বয়স যখন ৩ বছর, তখন একই সঙ্গে রাবেয়ার কোলজুড়ে পৃথিবীতে আসে আরও তিন কন্যাশিশু। এই জমজ শিশুদের বয়স এখন ১১ মাস। দরিদ্র পরিবারের জন্ম নেয়া ওই তিন শিশু- সিন, সিনতী ও সিনহাকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
একদিকে ঠিকমতো চলে না সংসার। অন্যদিকে জমজদের বাড়তি খাবার হিসেবে ‘বেবী কেয়ার’ নামের খাদ্য দিতে হয়। এতে করে প্রতিদিন খাবার প্রয়োজন হয় ২০০ টাকার। এছাড়াও রাবেয়াসহ শিশুদের অসু-বিসুখ লেগেই রয়েছে। এসবের খরচ যোগাতে আত্নীয়-স্বজনদের কাছ থেকে ঋণ নেয়াসহ এনজিও সংস্থা থেকেও নিয়েছে ঋণ। এইসব ঋণের ঘানিও টানতে হচ্ছে দীর্ঘদিন ধরে।
এমতাবস্থায় নিঃশ্ব হয়ে পড়েছে পরিবারটি। আগের এক মেয়েসহ জমজ তিন শিশুকে নিয়ে বেকায়দা পড়েছে। শিশুদের ঠিকভাবে খাদ্য দিতে না পারায় ক্ষিধের জ্বালায় প্রায়েই কান্না করছে শিশুরা। এমন পরিস্থিতির শিকার হলেও স্থানীয় কোনো জনপ্রতিনিধি তাদের সহযোগিতায় পাশে দাঁড়ানি বলে পরিবারটির অভিযোগ।
রাবেয়া বেগম জানান, গত বছরের ২২ এপ্রিল গাইবান্ধার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একই সঙ্গে তিনটি কন্যা সন্তান জন্ম দেন। পেটের কাটা স্থানটি এখনো সমস্যা করে। মাঝে মধ্যে ব্যাথা অনুভূত হয় তার।
তিনি আরো বলেন, প্রসবকালীন সময় থেকে অনেক টাকা ঋণগ্রস্থ হয়েছি। সেটি পরিশোধ করার উপায়ন্তর নেই। সম্প্রতি সাদুল্লাপুর উপজেলায় যত্ন প্রকল্পের আওতায় শিশুভাতা কার্যক্রম চালু হয়েছে। জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে সেটিও আমার কপালে জোটেনি।
বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহীন সরকার জানান, যত্ন প্রকল্পের আওতায় রাবেয়ার জমজ শিশুদের কাগজপত্র নেয়া হয়েছে। দেখা যাক কিছু ব্যবস্থা করা যায় কিনা।
তোফায়েল হোসেন জাকির 









