নানীর সাথে অভিমান করে দিনাজপুরের চিরিরবন্দরে রত্না খাতুন (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ৭ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বানিযুগী নামক স্থানে ঘটেছে। সে আবুল হোসেনের নাতনী। জন্মের পর হতে সে তার নানার বাড়িতেই থাকত। তার পিতার বাড়ি ঠাকুরগাঁওয়ে বলে জানা গেছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, রত্না খাতুন (১৫) নামে দশম শ্রেণির ওই ছাত্রী ওইদিন সন্ধ্যার পর একাকী বাড়ির বাইরে গেলে নানী মজিদা বেগম ও তার মা শাপলা বেগম তাকে বকাবকি করে। এতে অভিমান করে সে তার শয়নঘরের সিঁড়িতে গলায় শাড়ির পাইড় পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বাড়ির লোকজন ঘটনা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, যেহেতু রত্না খাতুন দিনাজপুরে হাসপাতালে মারা গেছে, সেহেতু সদর থানায় ইউডি মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















