গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হত্যা, অপহরণ ও প্রতারণাসহ একাধিক মামলার পলাতক আসামী আব্দুল মান্নানকে (৬০) গ্রেফতার করছে পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এর আগে শুক্রবার গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান উপজেলার ঘুগা গাড়ামারা গ্রামের মৃত মওলা সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান সরকার একজন চিহ্নিত অপরাধী। তিনি দীর্ঘদিন যাবত চাকুার দেয়ার প্রলোভন দেখিয়ে বহু মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করেছেন। এ নিয়ে এলাকায় অনেক শালিস বৈঠকও হয়। এছাড়াও ২০১৯ সালে একটি অপহরণের ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। ঢাকার ধামরাই এলাকায় একটি প্রতারণার মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রতারক আব্দুল মান্নান তার নিজ গ্রাম ঘুগা গাড়ামারা এলাকায় দীর্ঘদিন যাবত নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। গত ২১ জানুয়ারি একটি জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসীদের হামলায় হাবিজার রহমান নামের এক ব্যক্তি নিহত হয়। নিহতের পরিবারের অভিযোগ, আব্দুল মান্নান ও তার ভাই শালমারা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান আলীর মদদে সন্ত্রাসীরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় জেলা বারের সদস্যি অ্যাডডভোকেট সাজু মিয়া এবং শিক্ষানবীশ আইনজীবি আব্দুর রশিদ গুরুতর আহত হয়। পরদিন নিহত হাবিজার রহমানের ছেলে রাজু মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আব্দুল মান্নান সহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আব্দুল মান্নান ও তার সহযোগীরা বাদী এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে দাবী করেন মামলার বাদী রাজু মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মান্নানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মান্নানের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঘাটা, ঢাকার ধামরাই থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অপরহণ, প্রতারণা সহ একাধিক মামলা চলমান রয়েছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















