গাইবান্ধায় নিখোঁজের ৪দিন পর পুকুর পাড় থেকে রফিকুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের সবুর উদ্দিনের ছেলে। পেশায় তিনি দিনমজুর হিসেবে কাজ করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারী থেকে নিখোঁজ ছিলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিন থেকে তিনি মৃগীরোগে ভুগছিলেন। আজ সকালে বাড়ির অদুরে একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবার থেকে কোন অভিযোগ না করায় লাশ দাফন কাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জাগো২৪.নেট-কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এবং এলাকাবাসীর কোন অভিযোগ বা ময়নাতদন্তের জন্য আগ্রহ না থাকায় লাশ দাফন কাফনের জন্য বলা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















