গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন থেকে অপহরণ হওয়া কিশোরী (১২) কে ৫ দিন পর উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে সিজু মিয়া (২০) নামের অপরহরণকারীকেও গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি সকালে ওই কিশোরীকে নিয়ে তার মা করোনার টিকা দেওয়ার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে টিকা দেওয়ার জন্য কিশোরী লাইনে দাঁড়ালে তার মা চিপস কেনার জন্য গেটের নিকটে যায়। তখন পূর্ব থেকে ওৎপেতে থাকা গাইবান্ধা সদরের পার্ববতীপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে সিজু মিয়াতার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা চিপস নিয়ে এসে ভিকটিমকে টিকা দেওয়ার লাইনে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুজির পর না পেয়ে পলাশবাড়ী থানায় ও র্যাব ক্যাম্প গাইবান্ধায় অভিযোগ দায়ের করে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর বেলা র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার নার্সিং কোয়াটার মোড় সংলগ্ন মিন্টু মিয়া (৩০) এর বাড়ি থেকে নাবালিকা ওই ভিকটিম উদ্ধার এবং আসামি মোঃ সিজু মিয়াকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত সাজু মিয়া উক্ত মামলার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ী থানা মামলা দায়ের করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















