বিরামপুর উপজেলার ট্রাকের চাপায় মোটর সাইকেলের এক আরোহী কসাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগুমটি স্থানে।
জানা গেছে, শুক্রবার (৪ মার্চ) সকালে উপজেলার পৌর এলাকার বেগমপুর গ্রাম থেকে বিরামপুর শহরে একটি মোটর সাইকেল যোগে ৩জন আরোহী ঘোড়াঘাট রেলগুমটিতে আসছিলেন।রেলগুমটি এলাকায় পৌছালে পিছন দিক থেকে দু’টি ট্রাকের প্রতিযোগিতায় একটি ট্রাক এসে মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী তিনজন বেগমপুর গ্রামের মৃত: মমতাজের পুত্র আজিজার রহমান (৫৮),জোয়াল কামড়া গ্রামের শুকুর আলী ও হায়দার আলী গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার পারভেজ বলেন,আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে দুজনের পায়ে ও শরীরে জখম হয়েছে। আজিজুল রহমান নামে একজনের অবস্থা গুরুত্বর।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান,বিরামপুর হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার পথে আজিজুর রহমান মৃত্যু বরণ করেছেন। নিহত আজিজার পৌর শহরের হাজি মার্কেট মোড়ের গরুর মাংস বিক্রেতা। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















