বন্ধুদের সাথে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে ডুবে লাবিব হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা সেতু সংলগ্ন আত্রাই নদীতে এ ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেলে লাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাবিব উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিরছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তিন বন্ধু মিলে খানসামা সেতু সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে নামে লাবিব। এক সময় গভীর পানিতে ডুবে যায় সে। তাকে দুই বন্ধু মিলে উদ্ধার করতে গিয়ে তারাও একপর্যায়ে গভীর পানিতে ডুবে যেতে থাকে।
বিষয়টি দেখতে পেয়ে নদীতে শিকার করতে থাকা জনৈক জেলে তাদের দুইজনকে উদ্ধার করতে পারলেও লাবিবকে উদ্ধার করতে পারেননি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবগত করালে তাদের প্রতিনিধিদল এসে লাবিবকে উদ্ধার করে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অনেক খোঁজাখুঁজি করে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে নির্দিষ্ট স্থান থেকে অন্তত ৪০০ মিটার দূর থেকে লাবিবকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাবিবের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এমন মৃত্যুরোধে সচেতনতা জরুরি বলে জানান তিনি।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















