চলতি রবি মৌসুমে পাবনার সাঁথিয়ায় কৃষকেরা গমের আবাদ করেছেন ব্যাপকভাবে। অনুকূল আবহাওয়া বিরাজ ও সময়মত বৃষ্টি হওয়ায় এবার গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আর ক’দিন পরই শুরু হবে গম কাটা-মাড়াইয়ের কাজ। গমের আবাদে খরচ কম হওয়ায় এবং ভালো দাম পেলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।
সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গমের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৩ হাজার ২০০ হেক্টর জমিতে। গমের জাতের মধ্যে রয়েছে বারি গম ২৫,২৬,২৮,২৯ ও বারি গম ৩৩ জাতের। সবচেয়ে বেশি আবাদ হয়েছে বারি ২৮ ও ৩৩ জাতের। গম উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫২০ মেট্রিকটন। সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী জানান, চলতি মৌসুমে গত বছরের তুলনায় এবার ৫০ ভাগ জমিতে বারি গম ৩৩ এর আবাদ সবচেয়ে বেশি হয়েছে। বারি ৩৩ এ বøাষ্ট বা ঝুল রোগ কম হয় এবং দেরিতে আবাদ করলেও ফলন ভালো হয়। এখন সৌরভ,গৌরব,কাঞ্চন ও শতাব্দী জাতের গমের আবাদ কম হয়। তিনি আরো বলেন,বারি ৩৩ জাতের গম একটি জিংকসমৃদ্ধ খাবার। করোনাকালীন সময়ে বারি ৩৩ জাতের গমের রুটি খেলে দৈনন্দিন জিংকের অভাব পূরণ হয়। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন,মাঠ দিবস,কৃষক সমাবেশ করে চাষীদের সঠিক পরামর্শ দেওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















