‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ৮ র্মাচ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা সাব রেজিষ্ট্রার উম্মে সালমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
থানা পুলিশের আয়োজনে সফল নারীদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















