দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুশি আক্তার (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের নশরতপুর গ্রামের বালাপাড়ার দরগাহ্রপাড় নামক স্থানে ঘটেছে। নিহত খুশি আক্তার ওই এলাকার মো. হাসিনুর রহমান ওরফে জুলাই’র মেয়ে।
জানা গেছে, উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের নশরতপুর গ্রামের বালাপাড়ার দরগাহ্রপাড় নামক স্থানে মো. হাসিনুর রহমান ওরফে জুলাই’র বাড়ি সংলগ্ন একটি দোকান রয়েছে। ওইদিন আনুমানিক রাত ৮টায় শিশু খুশি তার পিতার দোকানে থাকা ফ্রি নাড়াচাড়া করতে থাকে। এর একপর্যায়ে ওই ফ্রিজেই শিশু খুশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজনসহ তার পিতা শিশু খুশিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জাগো২৪.নেট-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 




















