রংপুরের মিঠাপুকুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন। তাদেরকে রমেক ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই জনের একজন হলেন মোঃ ফজলুল করিম (৫৫)।
তিনি পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দৈনিক আজকালের খবরের সাব এডিটর আবুল কালাম আজাদের ভগ্নিপতি। নিহত আরেকজন হলেন- শেরপুর জেলার শীববাড়ি উপজেলার চিথুলিয়া গ্রামের হাবিবুর রহমান (৩৫)। আজ শুক্রবার (১৮ মার্চ) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ী এলাকায় আশা এল,পি,জি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ী আশা এল,পি,জি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে রংপুর থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আরো ৮ জনকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৮ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 



















