গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে অসহায় এক পরিবারের ২ টি বসতঘর সহ লক্ষাধিক টাকা দামের ১ টি গরু, ৪ টি ছাগল আসবাবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় ২ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে ধারনা স্থানীয়দের।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নলডাঙ্গা শ্রীরামপুর গ্রামের এরশাদ আলীর বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।
গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনাটি জানার পরেই ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সাধ্যমত আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
স্থানীয়রা জানান, এরশাদ প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ গোয়াল ঘর থেকে আগুন দাঁউ দাঁউ করে জ্বলে উঠে।
এ সময় এরশাদ আলী চিৎকার দেয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে তার তার একমাত্র বসত ঘরটি পুড়ে যায়। এরই মধ্যে আশেপাশের লোকজন দৌঁড়াদৌঁড়ি করে এসে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ এরশাদ আলী বলেন, আমার সংসারের একমাত্র সম্বল ওই গরুটা আর ছাগল ৪ টা। গরু ছাগল পালন করেই অনেক কষ্টে সংসার চালাই। এখন আমি কিভাবে কি করবো। এই মুহুর্তে ঘর উঠার মত আমার কোন সামর্থ নেই।

করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















