দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকান্ডে তিনটি গরু এবং বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। সর্বস্ব হারিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে অসহায় পরিবারটি।
শনিবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সিট আলোকডিহি জঙ্গলীপাড়ার জালালউদ্দীনের ছেলে সাইদুল ইসলামের শয়নকক্ষ ও গোয়ালঘরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।
গৃহকর্তা মো. সাইদুল ইসলাম জানান, সন্তানদের রুমে রেখে তারা বাড়ির বাইরে যায়। হঠাৎ আগুন দেখতে পেয়ে পরিবারের অন্যান্যদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর মধ্যেই তিনটি গরু পুড়ে মারা যায়। খবর পেয়ে খানসামা ও ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এরকম অনাকাঙ্খিত ঘটনা কাম্য নয়। সকলের সচেতনতাই পারে অগ্নিকান্ডের ক্ষতির হাত থেকে রক্ষা করতে।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 




















