গাইবান্ধার সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ কমিটির শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সাদুল্লাপুরের কালিবাড়ীর ওই মন্দিরে তিনটি বুথে ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এ নির্বাচনে সভাপতি পদে তরুণ চন্দ্র সাহা মোমবাতি প্রতীকে ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুশধ্বজ প্রামানিক শঙ্খ প্রতীকে পেয়েছেন ৩১৩ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে সন্তোষ কুমার বর্মন আম প্রতীকে ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দীলিপ কুমার সরকার কলস প্রতীকে পেয়েছেন ২৭২ ভোট।
এর আগে গত ২৮ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এই তফসিল মোতাবেক শুক্রবার একজন প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার ৩ জন করে দায়িত্ব পালন করেছে। এ নির্বাচনে পুরুষ ভোটার ৬৪৪ ও নারী ভোটার ৮৮ জনসহ মোট ৭৩২ জন ভোটার ছিলো। এর মধ্যে ৮৭ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এসব তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের নির্বাচন কমিশনার নিখিল কুমার চৌধুরী জানান, নির্বাচন চলাকালীন পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছে। কোন ধরনের অপ্রীতিকর ছাড়াই উৎসব মুখর পরিবেশ ও সুষ্ঠ-শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 

















