চুক্তির মেয়াদ প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও পাবনার সাঁথিয়ায় মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণকাজ অসমাপ্ত রয়ে গেছে।যেটুকু কাজ হয়েছে সেখানেও ব্লক স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার ধূলাউড়ি ইউনিয়নের রূপসী গণকবরের ওপর ৩৩ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা মনুমেন্ট নির্মাণকাজ শুরু করে মেসার্স জাহিদ হাসান ট্রেডার্স নামে পাবনার ভাঙ্গুরা উপজেলার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের ১৮ মার্চ কাজ শুরু হয়ে কাজ শেষ করার চুক্তি ছিল একই বছরের ১৮ জুলাই । চুক্তির মেয়াদ প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও নির্র্মাণকাজ শেষ হয়নি। নির্মিতব্য জাদুঘরের দু’টি বাউন্ডারি ওয়ালে ইতোমধ্যে ফাটল ধরেছে যা লোহার রড দিয়ে আড়াআড়িভাবে গেঁথে ঠেকােেনার চেষ্টা করা হয়েছে।
সাঁথিয়া উপজেলা প্রকৌশলী ফজলুল হক জানান, গত বছর ডিসেম্বর মাসে মনুমেন্টের নির্মাণকাজের ত্রুটি সংশোধন করে সঠিক ব্লক ও স্পেসিফিকেশন ও মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য চিঠির মাধ্যমে ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য এ বছর জানুয়ারি মাসে তিনি আবারও চিঠি দিয়েছেন বলে জানান। এদিকে চুক্তি মোতবেক কাজের অগ্রগতি না হওয়া ও চুক্তির মেয়াদকাল প্রায় দুই বছর অতিক্রান্ত হওয়ায় প্রকল্প পরিচালক আব্দুুল হাকিম গত মাসের (মার্চ) ৬ তারিখে নির্বাহী পরিচালক এলজিইডি পাবনাকে চুক্তি বাতিলের জন্য চিঠি দেন।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ বিদ্যুৎ জানান, এই কাজের টেন্ডারকালে ইলেক্ট্রিক, সেনেটারি, বাউন্ডারি ওয়াল, গ্রীলসহ গাইড ওয়াল কিছই ধরা ছিলনা। কিন্তু প্রকৌশল অফিসের নির্দেশে এই কাজগুলো আমাকে করতে হয়েছে। রিভাইজ বিল জমা দেয়া আছে। সেটা অনুুমোদন হলে নির্মাণকাজ সমাপ্ত করা সম্ভব হবে।
ধূলাউড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামাল উদ্দিন জানান, এই রূপসী বাউশগাড়িতে ১৯৭১ সালের ১৪ মে পাকসেনার একদিনে প্রায় ৯’শ গ্রামবাসিকে লাইন ধরিয়ে ব্রাস ফায়ারে হত্যা করে গণকবর দেয়। এ রকম একটি স্পর্শকাতর জায়গায় মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরিতে ছয় মাসের কাজ প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তা শেষ না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করে তিনি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 

















