জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, মুজিবনগর সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং নয় মাসব্যাপী যুদ্ধের মাধ্যমে একই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে দেশকে মুক্ত করে।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেই মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান হুইপ গিনি।
জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু লেইস মো. ইলিয়াস জিকু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরওয়ার কবির, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বেলাল উদ্দিন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, এফএফ গৌতম চন্দ্র মদক প্রমুখ।
এর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, এডিসি জেনারেল সাদেকুর রহমান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকসহ সুধীজন অংশগ্রহণ করে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















