চলতি মৌসুমে দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় সজিনার বাম্পার ফলন হয়েছে। পাতাশুন্য গাছে ধবল ফুল ইতিমধ্যেই সজিনা বা সজনায় পরিণত হয়েছে। গাছে গাছে ঝুলে থাকা সবুজ লাঠি প্রকৃতিতে ভিন্নমাত্রা যোগ করেছে। পুষ্টিগুণে ভরপুর ও আশঁ জাতীয় সবজি সজনার ভারে ন্যুয়ে পড়েছে সজনাগাছের ডালপালা । প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ির পাশের অনাবাদি ও পতিত জমিতে সজনা চাষ করে পুষ্টির পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন কৃষকরা। হাসি ফুটে উঠেছে কৃষকদের মুখে। আবহাওয়া অনুকুলে থাকায় এবার সজনার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
সরজমিন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ বাড়িতেই তিন-চারটি করে সজনাগাছসহ জমির ধারে, রাস্তার পাশেও সজনাগাছ লাগানো হয়েছে। এবছরে সজনার লক্ষ্যমাত্রা অনেকটা পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবছরের ন্যায় উপজেলায় সজনা চাষ দিনদিন বেড়েই যাচ্ছে। এখানকার সজনা স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে।
উপজেলার ফতেজংপুর ইউপি এলাকার সজনা চাষি মো. শাকিল হোসেন বলেন, বাড়ির সামনে রাস্তার ধারে ২টি সজনাগাছ লাগানো হয়েছিল। গত বছর ওইগাছ থেকে অনেক টাকার সজিনা বিক্রি করেছি । আশা করছি এবারও সজনার বাম্পার ফলন পাব। স্থানীয় বাজারে বর্তমানে প্রতিকেজি সজনার মূল্য ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। উচ্চমূল্য পাওয়ায় খুশি চাষিরা। দ্বিগুণ উৎসাহ নিয়ে সজনা চাষে উদ্ধুদ্ধ হচ্ছে এলাকার অন্যান্য চাষিরাও। মৌসুম শেষে প্রতিবারের মতো এবারও ডাল রোপণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা জাগো২৪.নেট-কে জানান, সজিনা একটি পরিবেশবান্ধব ও অর্থকরি আশঁজাতীয় সবজি। সজনাকে বলা হয় ‘মিরাকল ট্রি’। এ গাছের পাতা, ফুল, ফল সবই খাওয়া যায়। সজনা এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তিনি আরো বলেন, এটি বাড়ির পাশে অনাবাদি ও পতিত জমিতেও চাষ করা যায়। তাছাড়া ঠান্ডা-গরম,খরা সহিষ্ণু হলেও এ গাছ বাংলাদেশের সর্বত্রই জন্ম নেয়। আবহাওয়া অনুকূল থাকায় চলতি বছরে সজনার ভালো ফলন হয়েছে। এছাড়া সজনাগাছের তেমন কোন রোগবালাই নেই বললেই চলে এবং অন্যান্য খরচও নেই । আবহাওয়ার অনুকূল পরিবেশ বিদ্যমান থাকলে সজনার বাম্পার ফলনও আশা করা যায়। পুষ্টিগুণ ও বাজারে চাহিদার কারণে প্রতিবছর এর আবাদ বৃদ্ধি পাচ্ছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















