আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও পাকাঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এতে ৪০ পরিবার মাথা গোঁজার ঠাঁই পেলেন স্বপ্নের নীড়ে।
সারা দেশের ন্যায় সাদুল্লাপুর উপজেলার এই ঘরগুলো মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, থানার ওসি প্রদীপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঈদে প্রধানমন্ত্রীর ঘর উপহার হিসেবে তৃতীয় ধাপে সাদুল্লাপুর উপজেলার ৪০ টি পাকাঘর ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও তৃতীয় ধাপে আরও ৭০ টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে জানানো হয়।
বক্তারা আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য জমি ও গৃহ প্রদানের কার্যক্রমটি এটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া যে প্রত্যয় ছিল, সেই স্বপ্ন পুরণ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। সাদুল্লাপুর উপজেলায় ঘর তৈরী থেকে শুরু করে উপকারভোগি বাছাইয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়াসহ সমস্ত কর্মযজ্ঞ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















