দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তফসিল অনুযায়ী উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন। ব্যালটের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। তফসিল ঘোষণার পর থেকেই নড়েচড়ে বসেছেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা।
তারা বিভিন্ন স্থানে ইফতার মাহফিল, পথসভা, গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন এবং জোরেশোরে প্রচার-প্রচারণা চলমান রেখেছেন। অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপে¶ পরিবেশে ভোট গ্রহণে আমরা প্রস্তুত। এই ভোট বির্তকমুক্ত ও উৎসবমুখর করতে প্রার্থী, ভোটারসহ সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিকতা অত্যন্ত জরুরী বলে তিনি মনে করেন। উল্লেখ্য যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেমের মৃত্যুতে শুন্য হওয়া ওই পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















