দিনাজপুরের খানসামা উপজেলায় বজ্রপাতে শাহ আলম (৫০) ও মাজেদা বেগম (৪০) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বজ্রপাতের ঘটনাটি শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটেছে।
নিহত শাহ আলম উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গণির ছেলে এবং নিহত মাজেদা বেগম আঙ্গারপাড়া ইউনিয়নের সূর্বণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ৩০ এপ্রিল শনিবার সকালে নিজ বাড়ির বারান্দায় গাভীর দুধ দোহনের সময় হোসেনপুর গ্রামের শাহ আলম এবং ক্ষেত থেকে শসা সংগ্রহ করতে গিয়ে সূর্বণখুলী গ্রামের মাজেদা বেগম বজ্রপাতে আহত হন। আহতদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতে টংগুয়া গ্রামে একটি গাভি ও বাছুর মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার বলেন, বজ্রপাতে নিহত দুই পরিবারকে ১৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















