অতিবৃষ্টির ফলে গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নং সাপমারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কোগাড়িয়া গ্রামে স্থানীয় বিরোধের কারণে তিনটি কার্লভাটের দুই পার্শ্বের মুখ বন্ধ করে দেওয়ায় প্রায় বিশটি কৃষক পরিবার ও আনুমানিক দশ একর পাকা ধান ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। কালভার্টের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশিত হচ্ছেনা বলে পাকা ধান দ্রুত নষ্ট হওয়ার শঙ্কা দেখা দেয়।
শুক্রবার সকালে সাপমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আলম বুলবুল, ইউপি সদস্য, এলজিইডি’র উপ সহকারী প্রকৌশলী, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রামবাসীদের সহযোগিতায় কার্লভাটের বন্ধ মুখগুলো খুলে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। এতে কৃষকের ধানক্ষেত জলাবদ্ধতা থেকে রক্ষা পায় এবং কৃষক পরিবারগুলো মাঝে ফিরে আসে স্বস্তি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন বলেন কৃষকের স্বার্থ রক্ষায় অতিবৃষ্টির কারণে কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করার জন্য সম্মানিত গোবিন্দগঞ্জবাসীকে সবিনয় অনুরোধ করা হলো।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















