পাবনার সাঁথিয়ায় মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে বলাই হোসেন নামে এক কসাইকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সে সাঁথিয়া পৌরসভাধীন পিপুলিয়া গ্রামের মৃত মোজার ছেলে।
জানা গেছে, শনিবার রাতে সাঁথিয়াতে মরা গরু জবাই করার সময় হাতেনাতে বলাই কসাইকে গ্রেফতার করে সাঁথিয়া থানা পুলিশ। মৃত গরু জবাই করে সেই মাংস বিক্রি করার অপরাধে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বলাই কসাইকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। এ সময় ফ্রিজে থাকা ৮০ কেজি মরা গরুর মাংস উদ্ধার করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। কসাই বলাই দীর্ঘদিন যাবৎ মরা গরুর গোস্ত বিক্রি করে আসছিল। সে এসব মরা গরুর মাংস সাঁথিয়াসহ ঢাকাতেও পাঠাতো বলে জানা যায়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জাগো২৪.নেট-কে জানান, মৃত গরু জবাই করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ফ্রিজ থেকে পাওয়া ৮০ কেজি মরা গরুর গোস্ত জব্দ করা হয়।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 

















