দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটের চিরিরবন্দরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাড়ে ৩ ঘণ্টা পর ক্রসিং থেকে একটি মালবাহী ট্রেনকে সরিয়ে নেয়া হয়েছে। এ সময় রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে বিকল্প রেললাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে দুপুর ১টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ওয়াগানসহ মালবাহী ট্রেনটি চিরিরবন্দর ছেড়ে যায়।
এঘটনাটি সোমবার সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর রেলওয়ে স্টেশন থেকে ৫০০ গজ দূরে রেলক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন সংযোজন করে বিকল হয়ে যাওয়া ট্রেনটিকে সেখান থেকে সরিয়ে আনা হয়।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, গতকাল রবিবার ৪২টি তেলের ওয়াগান নিয়ে পার্বতীপুরে যায় ট্রেনটি। তেল খালাস করার পর আজ সোমবার সকালে পার্বতীপুর থেকে ফিরছিল ট্রেনটি। পথিমধ্যে চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় রেলগেট মোড় এলাকায় ইঞ্জিনটি বিকল হয়ে রেল ক্রসিংয়ের ওপরে আটকা পড়ে ট্রেনটি। তবে বিকল্প রেললাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দরে আসে। তখন ওই ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে টেনে ক্রসিং থেকে সরিয়ে নেয়া হয়।
তিনি আরো জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে দুপুর ১টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ওয়াগানসহ মালবাহী ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে যায়।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















