দিনাজপুরের চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাঁইতাড়া ইউনিয়ন পরিষদ টাইব্রেকারে ৪-৩ গোলে ইসবপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলাটি নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে অমিমাংসিত ছিল। গত ২৫ মে বিকাল ৪টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্তঃইউনিয়ন ফুটবল খেলায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, সাঁইতাড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলিম সরকার এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম।
খেলায় রেফারী হিসেবে মোরশেদ উল আলম, সহকারি রেফারী হিসেবে সাজেদুর রহমান রুবেল ও হারুনুর রশিদ, ৪র্থ রেফারী হিসেবে নুরুজ্জামান বেলাল এবং ম্যাচ কমিশনার হিসেবে লুৎফর রহমান দায়িত্ব পালন করেন।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















