গাইবান্ধা ফুলছড়ি উপজেলা চরাঞ্চলে হামলার শিকার হয়েছেন ফুলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ শাহজাহান শাকিল (২৮)। আশংকাজনক অবস্থায় তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন হামলার শিকার শাকিলের ছোট ভাই সুজন মিয়া। এরআগে রোববার (২৯ মে) দিনগত রাত ৯ টার দিকে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি চরের শাপলা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফুলছড়ি উপজেলার পশ্চিম গাবগাছি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজার রহমান ব্যাপারীর ছোট ভাই জামাল বাদশার সঙ্গে রাত ৯ টার দিকে টেংরাকান্দি-পূর্বগাবগাছি খেয়াঘাটে নৌকায় উঠা নিয়ে নৌকার ওপর যাত্রী রহিম মন্ডলের ছেলে ওয়াজেদের (২৮) বাকবিতন্ডার একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি ঘটনা ঘটে। পরে তারা শাপলা বাজারের দিকে অগ্রসর হয়। ধাক্কাধাক্কির অল্প কিছু সময়ের মধ্যেই ওয়াজেদের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে একটু দুরে শাপলা বাজারে উপস্থিত হয়।
এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজার রহমানের ছেলে ও ফুলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ শাহজাহান শাকিল এগিয়ে এসে জামাল বাদশাকে বাঁচাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও শাকিলের আত্বীয়-স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে শাকিলের ছোট ভাই সুজন মিয়া বলেন, পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে আমার ভাইকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়। মাথা ও বাম হাতে ১৮টি সেলাই দেওয়া হয়েছে। জড়িতদের দ্রুত বিচার দাবি করছি।
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত রহিম মন্ডলের ছেলে ওয়াজেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া সম্ভব হয়নি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, এ বিষয়ে শাকিলের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 

















