গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়ক দিয়ে যাচ্ছিল একটি বালুভর্তি ট্রলি। এই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি বাড়ির ভেতর। সেখানে দাঁড়িয়ে থাকা শাম্মি আকতার (৫) নামের এক শিশু ট্রলির চাপায় মৃত্যু হয়। এসময় নারীসহ আরও দুইজন আহত হয়েছেন।
রোববার (৫ জুন) উপজেলার মধ্য কঞ্চিপাড়া রশিদ মিয়ার চাতাল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। শাম্মি আকতার উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, ওই সময় বালু ভর্তি ইঞ্জিনচালিত ট্রলিটি একাডেমি বাজার থেকে কেতকিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরের বারান্দায় ধাক্কা দেয়। এসময় বারান্দাটি দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে দাড়িয়ে থাকা শিশু শাম্মি আকতার, জিহাদ মিয়া ও হালিমাকে চাপা দেয়। তারা সবাই আহত হলে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শাম্মি আকতার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোববার বিকেলে তার মৃত্যু হয়।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা শালু এ ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রলিটিকে আটক করেছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জাগো২৪.নেট-কে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















