গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে লাভলু মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় তার কাছে থাকা ৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শনিবার (১১ জুন) সকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুকবার সন্ধ্যার দিকে ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপ্রতিপুর পাঁচপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৮ বোতল ফেনসিডিলসহ মাকদ কারবারি লাভলু মিয়াকে আটক করা হয়। সে ওই গ্রামের লাল মিয়ার ছেলে।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















