একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার পাঁয়তারা বন্ধসহ সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনার দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
শুক্রবার (১০ নভেম্বর) নুর হোসেন দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা শহরের ১নং রেলগেট থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সমাবেশ করে।
এসময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতি বর্মন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার নুর হোসেনের রক্তের সাথে বেঈমানি করে স্বৈরতন্ত্র কায়েম করেছে। একটা ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। তারা অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















