ট্রেড লাইসেন্স হালনাগাদ না করা, রাস্তা দখল করে ব্যবসা করা এবং ভোক্তা অধিকার আইনে খানসামা উপজেলায় ৯ ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্ধ-লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে উপজেলার পাকেরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাকেরহাটের রফিকুল স্টোরকে ১৫ হাজার টাকা, বুলবুল হার্ডওয়্যারকে ২ হাজার, আলফা ড্রাগ সেন্টারকে ৫ হাজার, আঁখি কনফেকশনারীকে ১০ হাজার, মামনি বস্ত্রালয় এন্ড সু-স্টোরকে ৩ হাজার, মদন কসমেটিকসকে ৫ হাজার, জয়গঞ্জ বস্ত্রালয় এন্ড গার্মেন্টসকে ৫ হাজার, মিলন এ্যালুমোনিয়ামকে ২ হাজার ও জয়দেব সীডসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় থানার এসআই দিবাকরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বলেন, ট্রেড লাইসেন্স হালনাগাদ না করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধ-লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সব ব্যবসাপ্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স হালনাগাদ করার জন্য অনুরোধ জানান তিনি।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















