দিনাজপুরের খানসামায় চুরি যাওয়া একটি গরু উদ্ধারসহ মো. সাজু ইসলাম নামে একজনকে আটক করেছে আনসার-ভিডিপি সদস্যরা। পরে গরুসহ ধৃতকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে একটি গরু চুরি হয়। এ সংবাদ পেয়ে ইউনিয়ন লিডার মহাদেব রায়, ভিডিপি সদস্য আ. হান্নান ও জিকরুল হকসহ কয়েকজন সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করে ভোর সাড়ে ৫টায় উপজেলার জয়গঞ্জ খেয়াঘাটের মাঝখান থেকে গরুসহ মো. সাজু ইসলাম নামে এক জনকে আটক করে। ধৃত মো. সাজু ইসলাম (২০) বীরগঞ্জ উপজেলার বড় বোচাপুকুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা বেগম বলেন, জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলী পিভিএম’র দিক নির্দেশনায় সংগঠনটি গতিশীল হয়েছে। তারই ফলশ্রুতিতে অভিযানটি বাস্তবে রূপ নেয়। সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপির সদস্যরা নিরসলভাবে কাজ করে যাচ্ছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় জাগো২৪.নেট-কে বলেন, গভীর রাতে আনসার-ভিডিপির সহায়তায় গরুসহ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত গরু সংক্রান্ত বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















