সাদুল্লাপুর উপজেলায় ঝুমুর সরকার (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঝুমুর সরকার হবিবুল্লাপুর গ্রামের উৎপল সরকারের স্ত্রী ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের বেলকা গ্রামের (মাষ্টারপাড়া) বিমল চন্দ্র সরকারের মেয়ে।
এদিকে, এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এটি হত্যা নাকি আত্নহত্যা, এনিয়ে প্রশ্ন জেগেছে তাদের। অপরদিকে, উৎপলের পরিবারের দাবি ঝুমুর সরকার গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। তবে ঝুমুরের পিতার পরিবারে নানা সন্দেহের দানা বেঁধেছে বলে জানা গেছে।
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা জাগো২৪.নেট-কে বলেন, হবিবুল্লাপুর গ্রাম থেকে ঝুমুর নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্নহত্যা, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা জাগো২৪.নেট-কে বলেন, ঝুমুর সরকার নামের এক নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















