বিএনপির হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতা মামলায় গাইবান্ধা জেলায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মুক্তির দাবিতে পোস্টারিং করছে দলটির তৃণমূল নেতাকর্মীরা।
বুধবার (২২ নভেম্বর) সাদুল্লাপুর শহরসহ বিভিন্ন স্থানে আটককৃত নেতাদের ছবি সম্বলিত এই পোস্টার লাগাতে দেখা গেছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এখন দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে সেইসব পোস্টার।
দলীয় সুত্রে জানা যায়, গত ২৫ দিনের মধ্যে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুলসহ জেলার আরও শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা দেখিয়ে তাদের আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার জাগো২৪.নেট-কে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পুলিশ দিয়ে আটক করা হচ্ছে। আটককৃত এসব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















