আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ সদর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহিদ হাসান লিমন বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের আশাবাদী। দলীয় মনোনয়ন পাওয়ার পর লালমনিরহাটে ফিরে মঙ্গলবার রাত ৯ টায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে দলীয় প্রার্থী হিসাবে নিজ নির্বাচনি এলাকায় আগমন উপলক্ষ্যে মঙ্গলবার আনন্দ মিছিল ও কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সন্ধ্যায় দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে তিস্তা সড়ক সেতুতে পৌঁছালে সেখানেও ফুলেল শুভেচ্ছা জানান পার্টির নেতৃবৃন্দ।এ সময় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তরুণ এই নেতা। পরে জেলা কার্যালয়ে গণসংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা। এসময় জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন থেকে লালমনিরহাট সদর-৩ সংসদীয় আসন মহাজোট মনোনীত জাতীয় পার্টির দখলে ছিলো। দুই দশক ধরে এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ছিলেন। তবে এবারে তিনি এই আসনে মনোনয়ন না নিয়ে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমনকে দলীয় মনোনয়ন দেন।
এদিকে তাকে দলীয় প্রার্থী দেওয়ার খবরে বাধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন তৃণমূল জাতীয় পার্টি। দলীয় মনোনয়ন পাওয়ায় তারা আনন্দ মিছিল বের করে এবং একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করেন।
জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত জাহিদ হাসান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের আশা করছি। নির্বাচন সুষ্ঠু হলে পূর্বের যেভাবে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা জয়যুক্ত করেছিল ঠিক সেভাবেই জনগণ আমাকে সমর্থন করবে।
জোটের প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, একক ভাবে হউক আর জোটের মাধ্যমে হউক এ আসন আগেও জাতীয় পার্টির ছিল এবারেও থাকবে। এর আগে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তরুণ এই জননেতা।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















