বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের (চিরিরবন্দর-খানসামা) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে চিরিরবন্দর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, জেলা পরিষদের সদস্য ও সাবেক নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে তাঁকেও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মহামান্য হাইকোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিরিরবন্দর আমলি আদালতে তারা উভয়ই আত্নসর্ম্পণ করে জামিন প্রার্থনা করেন। এসময় বিচারক মো. মনিরুজ্জামান সরকার তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এসময় আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার ডিভিশন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর দিনাজপুর-দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রানীরবন্দরে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় মহামান্য হাইকোর্ট হতে তারা জামিন নেন। এদিকে, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া আদালতে আত্নসর্ম্পণের সংবাদ চিরিরবন্দর উপজেলায় জানাজানি হলে সকাল থেকেই আদালত চত্বরে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন। তাঁকে জেলহাজতে নেয়ার সময় বিএনপি’র নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দায়িত্বরত পুলিশ প্রিজনভ্যানে করে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবর দিনাজপুর-দশমাইল হতে রংপুর মহাসড়কের রানীরবন্দরে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এস আই নিতাই চন্দ্র রায় বাদী হয়ে বিএনপি’র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) ধারায় একটি নাশকতা মামলা দায়ের করে। যার নং ৩০, তারিখ: ৩০/০১/২০২৩।
দিনাজপুর পুলিশ কোর্টের জিআরও মিজানুর রহমান তাদের জামিন নামঞ্জুর ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















