বর্ণিল উৎসব-আনন্দ, মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতা, গ্রাম বাংলার খেলাধূলা প্রতিযোগীতা, বৈশাখী বৈঠক ও কথামালা,পুঁথিপাঠ, গণসংগীত, বাউল, লোকসংগীত, পালাগানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করেছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এসময় লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ, পৌরসভার মেয়র রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোড়ল হুমায়ুন কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটুসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
মঙ্গল শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকলকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা খাওয়ানো হয়। পরে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান কে সাংস্কৃতিক সংবর্ধনা প্রদান করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আমরা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাহজাহান সাজু, ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















