বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ) এর গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ২৫ জুন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দুই বছর মেয়াদি এ কমিটির অনুমোদন প্রদান করে।
নতুন কমিটিতে রাহুল ইসলাম রুবেলকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী মোঃ আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর জেলা পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবে।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও পুলিশের সাবেক এআইজি ড. আব্দুল রহিম খান এবং মহাসচিব রবিউল ইসলাম সোহেল আনুষ্ঠানিকভাবে নবগঠিত জেলা কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুমোদনপত্র হস্তান্তর অনুষ্ঠানে ড. আব্দুল রহিম খান বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক 


















